রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

তবু ভালবাসা..



মেয়েটি খুব চুপচাপ, তবে কখনও কখনও
চঞ্চলতায় পাশের বাড়ির সবচেয়ে চঞ্চল
মেয়েটিকেও ছাড়িয়ে যায়। ভালবাসতে
পারে অনেক বেশি। পরিবারকে, কাছের
বন্ধুদের আর...
ছেলেটা একটু পাগলাটে। নিজের মত চলতে
পছন্দ করে। পরিবারের ভাল-মন্দ, তাদের
ভাল থাকাই ওর কাছে সবচেয়ে আগে, তবু...
সম্পর্কের শুরুটা হয় হঠাৎ করেই...
কিছু অস্পষ্টতা, কিছু দ্বিধা, কিছুটা যেন
দূরত্ব, তবু ভালবাসা...
ধীরে ধীরে দ্বিধা কাটিয়ে উঠে মন।
মনের ভেতরকার গান ধ্বনিত হয় এমপিথ্রি
প্লেয়ারে, "আমি তোমারও সঙ্গে বেঁধেছি
আমারও প্রাণ......"
মান- অভিমান, কখনও উচ্চারিত হয়, "আমার
ব্যাপারে ওর কোন কেয়ার নেই", কখনও বা,
"তুমি আমাকে বুঝতে চেষ্টা করোনা", কখনও
অভিমান, "প্রতিবার রাগ ভাঙ্গাতে ফোন
কেন আমাকেই করতে হবে", কখনও ভেতরে
লুকোনো কান্না, "দু'দিন হয়ে গেল তোমার
কণ্ঠ শুনতে পাইনা"।
হাজারও মান- অভিমান, চেপে রাখা
কান্না, কিন্তু দিন শেষে রাতের তারা
মুচকি হাসে শহরের দু,প্রান্তের দু,
বাসিন্দার আবেগ ভরা ফিসফিস কথায়...
আছে ধর্মের দেয়াল, আছে পারিবারিক
বাধা, জানা আছে খুব বেশিদিন নেই এই
সোনালি দিনগুলোর। হঠাৎ একটা ছোট্ট
ঘোষণা- তারপরই সব শেষ। এতদিনের তিল
তিল করে গড়ে তোলা ভালবাসার জগত থেকে
যাবে মনের কোনে।
এটা কোন সিনেমার কাহিনি নয়, তাই কোন
আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় এক হয়ে যাবে
ভালবাসায় সিক্ত দুটি প্রাণ -এতটা আশা
ওরা করতে পারেনা। কিন্তু তাই বলে কি
ভালবাসা মিথ্যা?
না, ভালবাসা মিথ্যা নয়, কখনও হতে
পারেনা।
"মিলনেই ভালবাসা সার্থক" - ভালবাসার
এমন নীতি কোথায় লেখা আছে?
হয়ত মিলন হবেনা,দেখা হবেনা, কথা
হবেনা, মনের সবচেয়ে কাছের মানুষটি
কেমন আছে জানা হবেনা- তার মানেই তো
সব শেষ নয়। ভালবাসা থেকে যায় মনের
লুকোনো কোনে।
নিষ্পাপ এই দু'জন কপোত- কপোতির মত আমিও
জানি সব শেষের সেই দিনটি আসবেই, কেউ
তাকে বেঁধে রাখতে পারবেনা। কিন্তু সব
শেষের আগে যে সময়টুকু সৃষ্টিকর্তা
দিয়েছেন, তা থেকে ভালবাসার পূর্ণতা
খুঁজে নেওয়া কি খুব অসম্ভব কিছু? দীর্ঘ
জীবন সবার ভাগ্যে লেখা থাকেনা,
জীবনটা কে খুব স্বল্পদিনের ধরে নিয়ে
ভালবাসার প্রচণ্ড আবেগে কেটে যাক না
এই দিনগুলো। ভবিষ্যৎ থাকুক ভবিষ্যতের
জন্য, যে ক'টা দিন পাশাপাশি, সে ক'টা
দিনই না হয় রবীন্দ্রনাথের গান সত্য হোক,
"ভালবাসি ভালবাসি, এই সুরে কাছে-
দূরে...... "
কারন বাস্তবতা অনেক কিছুই হতে পারে, তবু
ভালবাসাটাই সত্যি...... —


লিখেছেন- বর্ষা আহমেদ


শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।