১৮. বিষাক্ত ছোবল(পর্ব-2)
ইয়াজুদ্দিন নামে সাইফুদ্দিনের এক ভাতিজা সুলতান আইয়ুবীর সেনাদলের কমান্ডার ছিল। বিস্ময়কর হলেও সত্য, দ্বীনের খাতিরেই ভাতিজা চাচার বিরুদ্ধে যুদ্ধ করছিল। শুধু ইয়াজুদ্দিন নয়, সৈনিকদের মধ্যে আরাে অনেকেই ছিল, যারা তাদের রক্ত সম্পৰ্কীয় আত্বীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই সমরে।। সুলতান আইয়ুবী সাইফুদ্দিনের তাবুর শানশওকত দেখে অর ভাতিজা ইয়াজুদ্দিনকে ডাকলেন। ইয়াজুদ্দিন হাজির হলে তিনি একটু হেসে বললেন, “তােমার চাচার সম্পত্তির ওয়ারিশ এখন তুমি। এই তাবু আমি তােমাকেই দান করছি। এটা তুমি গুছিয়ে নাও।
সুলতান আইয়ুবী হাসি মুখেই তাঁবুটি তাকে দিয়েছিলেন। কিন্তু এ কথা শুনেই ইয়াজুদ্দিনের চোখ অশ্রুতে ভরে গেল। আপন চাচার স্নেহ ও আদরের কথা মনে পড়ে গেল তার। চাচার পরাজয়ের কাহিনী তাকে লিখতে হচ্ছে নিজের তরবারী দিয়ে! এ কথা মনে হতেই আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলাে, ঝাপসা চোখ থেকে গড়িয়ে পড়লাে ক'ফোটা অশ্রু।
সুলতান আইয়ুবী তার মনের আবেগ লক্ষ্য করে বললেন, ইয়াজুদ্দিন! আমি তােমার মনের অবস্থা বুঝতে পারছি। আমি তােমাকে অপ্রস্তুত করার জন্য বা কষ্ট দেয়ার জন্য এখানে ডেকে আনিনি। এ সম্পদ তাে আমাকে কাউকে না কাউকে দান করতেই হতাে! ভাবলাম, গনিমতের এ অংশটুকু তােমারই প্রাপ্য। আমাকে ভুল বুঝাে না, এ সম্পদ অন্যের ঘরে যাওয়ার চাইতে তােমার কাছে থাকাই ভাল।'
‘কিন্তু...'
এখানে কিন্তু কোন অবকাশ নেই। চাচার প্রতি তুমি কোন জুলুম করােনি, বরং তােমার চাচা নিজেই তার নিজের প্রতি জুলুম করেছে। এ ঘটনায় তােমার দুঃখিত হওয়ার কিছু নেই। তুমি তাে কেবল তােমার মালিক ও সৃষ্টিকর্তার হুকুম তামিল করেছে। কুরআনের নির্দেশের বাইরে নিজের খেয়াল খুশী মতাে তুমি কিছুই করােনি।
সুলতান আইয়ুবী তাকে শান্তনা দেয়ার জন্য আরাে বললেন, মনে রেখাে, আমার সন্তান যদি জিহাদের পথে বাঁধা হয়ে দাঁড়ায়, প্রতিরােধ করতে চায় হকের অগ্রযাত্রা, সে বাঁধা দূর করতে আমার তলােয়ার তার শিরচ্ছেদ করতেও কুষ্ঠিত হবে না। আপন সন্তানের বুকে ছুরি চালাতে একটুও কাঁপবে না আমার হাত।
তুমি তােমার চাচার পরাজয়ের কথা স্মরণ করে অশ্রু বিসর্জন - করছে। কিন্তু আমি আমার অপরাধী সন্তানের শিরচ্ছেদ করেও অশ্রু বিসর্জন করবাে না।
সুলতান আইয়ুবী তুর্কমানের এই যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা দূরে দীর্ঘস্থায়ী এক ক্যাম্প করে সেখানে অবস্থান করা শুরু করলেন। জায়গাটি ছিল পাহাড় পরিবেষ্টিত। ইতিহাসে এলাকাটির নাম ‘কোহে সুলতান’ বলে প্রসিদ্ধি লাভ করে। সেখান থেকে হলব শহর মাত্র পনেরাে মাইল দূরে ছিল।
আল মালেকুস সালেহ তখনাে হলব শহরকে তার রাজধানী বানিয়ে রেখেছিল। সম্মিলিত বাহিনীর হেডকোয়ার্টার ছিল এই হল। আমরা আগেই জেনেছি, এই শহরের প্রতিরক্ষার দায়িত্বে যে বাহিনী মােতায়েন ছিল, তারা সবাই ছিল সাহসী ও বীর যোদ্ধা। সবাই ছিল মুসলমান। সেখানে আইয়ুবী বিরােধী প্রচারণা এত তীব্র ছিল যে, তারা আইয়ুবীকেই মনে করতে ইসলামের দুশমন। হলবের সৈনিকরা আইয়ুবীকে মনে করতাে , রাজ্যলােভী। এই চেতনা ছিল বলেই তারা সুলতান আইয়ুবীর অবরােধকে ব্যর্থ করে দিতে পেরেছিল। সবকিছু বুঝেও সুলতান আইয়ুবী এ জন্যই অবরােধ উঠিয়ে নিয়েছিলেন যে, নইলে ব্যাপক প্রাণহানি ঘটতাে এবং এর সবকটি প্রাণ ছিল মুসলমানের।
কোহে সুলতানে বসে সুলতান আইয়ুবী আর একবার এই শহর অবরােধ করবেন কিনা গভীরভাবে চিন্তা-ভাবনা করছিলেন। পরিকল্পনা করছিলেন আগামী অভিযানের। তিনি চিন্তা করে দেখলেন, বাহিনীকে আরাে সুরক্ষিত ও দৃঢ় না করে সম্মুখে অগ্রসর না হওয়াই ভাল। কারণ ব্যবধান অল্প হলেও এ পনের মাইল পথের মাঝেই পর পর রয়েছে দুটি সুরক্ষিত কেল্লা। আইয়ুবী সম্মুখ অগ্রযাত্রায় এ কেল্লা দুটি মস্তবড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এর একটি দুর্গের নাম মুমবাজ ও অপরটি বুজা। এই দুই কেল্লার অধিপতি ছিল দুই স্বাধীন মুসলিম আমীর। আশেপাশে আরও কয়েকটি কেল্লা এবং পরগনা ছিল যার শাসকও ছিল মুসলমানরা। কিন্তু খৃস্টানদের ষড়যন্ত্রের ফলে এরা সবাই ছিল আইয়ুবীর বিরােধী এবং খৃষ্টানদের বরকন্দাজ। গােটা ইসলামী সাম্রাজ্য এভাবে খৃষ্টান ষড়যন্ত্রের খপ্পরে পড়ে টুকরাে টুকরাে হয়ে পড়েছিল এবং ছােট ছােট কেল্লা, পরগণা ও জামিদারীতে বিভক্ত হয়ে গিয়েছিল।
সুলতান আইয়ুবী এই বিভক্ত রাজ্যগুলােকে আবার একত্রিত করে এক শক্তিশালী ইসলামী সালতানাত গঠনের প্রচেষ্টা চালাচ্ছিলেন এবং সবাইকে একই খেলাফতের অধীনে আনার চেষ্টা করছিলেন। যুদ্ধের পাশাপাশি এ জন্য তার কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল। কিন্তু সমস্যা ছিল এই যে, এসব কেল্লাধিপতি, জায়গীরদার ও আমীরদের কারাে মনেই জাতির বৃহত্তর ও মহত্তর কল্যাণ চিন্তা ছিল না। তারা প্রত্যেকেই ছিল ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন এবং নিজের পরগণা ও জমিদারী নিয়ে সন্তুষ্ট। নিজেদের আধিপত্য বহাল রাখা ও প্রতিরক্ষার জন্য তারা প্রত্যেকেই খৃস্টাদের সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। এমনি পরিস্থিতির মধ্যে সুলতান আইয়ুবী বুজার ও মুমবাজের আমীরের কাছে দূত পাঠালেন। সুলতানের চিঠি নিয়ে বুজার আমীরের কাছে গেলেন ইয়াজুদ্দিন এবং মুমবাজের আমীরের কাছে সাইফুদ্দিনের উপদেষ্টা ফখরুদ্দিন।
ফখরুদ্দিন বন্দী হওয়ার পর সুলতান আইয়ুবীর আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু আনুগত্য স্বীকার করলেই সুলতান তাকে বিশ্বস্ত মনে করবেন এবং তাকে নিজের অন্যতম সহকারী করে দূত হিসাবে বাইরে পাঠাবেন, এমনটি তিনি কল্পনা করতে পারেননি।
আইয়ুবী তাকে নিজের বিশেষ দূত হিসেবে মুমবাজে প্রেরণ করেন। মুমবাজে পাঠানাের পূর্বে তিনি তাকে বললেন, আপনাকে আমি আমার প্রতিনিধি করে মুমবাজ পাঠাচ্ছি। আপনি কেল্লার আনুগত্য লাভের জন্য নিজের মত করে তাদের বুঝাবেন। তাদের আনুগত্য লাভের জন্য পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনি তাদের আশ্বস্ত করবেন। আপনার দেয়া ওয়াদার যথাযথ মর্যাদা রক্ষা করা হবে।'
তিনি যখন একান্ত আস্থা ও বিশ্বাস নিয়ে এসব কথা বলছিলেন, ফখরুদ্দিন তখন অপার বিস্ময় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন বিশ্ব ইতিহাসের এক মহানায়ক সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে।
তার এ বিষয় দৃষ্টি দেখে সুলতান আইয়ুবী তাকে জিজ্ঞেস করলেন, আপনি এতাে অবাক হচ্ছেন কেন? আপনি কি মুসলমান নন? এক মুসলমান কি আরেক মুসলমানের ওপর এতটুকু আস্থা রাখতে পারে না?' তিনি আরাে বললেন, আপনি আমাকে এমন বিষয় নিয়ে দেখছেন যেন আমি কোন অপরাধ করেছি। যেন আমি শত্রু বা বিধর্মীকে দূত হিসেবে পাঠানাের সিদ্ধান্ত নিয়েছি।'
কিন্তু আমি তাে আপনার শক্রই! বন্দী হওয়ার আগ পর্যন্ত আমি আপনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনার প্রতি আনুগত্য প্রকাশ করেছি তাে নিজের জীবন বাঁচানাের জন্য! যখন বুঝতে পেরেছি, আপনার সাথে কুলিয়ে উঠার সাধ্য আর নেই আমাদের, আপনার আনুগত্য গ্রহণের মধ্যেই আমাদের নিরাপত্তা ও কল্যাণ, কেবল তখনই আপনার আনুগত্য কবুল করেছি। এরপরও আপনি আমাকে আপনার দূত করার যােগ্য মনে করছেন এবং সন্ধির শর্ত নির্ধারণের স্বাধীনতা দিলেন?
হ্যাঁ, দিচ্ছি। কারণ আপনাকে আমি বােকাও মনে করি না, অযােগ্যও ভাবি না। আর আপনার চাইতেও আপনাকে আমি বেশী বিশ্বাস করি। সুলতান আইয়ুবী বললেন, আমি মুমবাজের কেল্লার আনুগত্য চাই। আপনি সেখানে তার আমীরের কাছে আমার পয়গাম পৌছে দেবেন ও বুঝবেন যে, অযথা খুন-খারাবী থেকে নিষ্কৃতি পেতে হলে এটাই একমাত্র পথ। ওরা আমাদের সাথে হাত মেলালে আমাদের সম্মিলিত শক্তি আরাে জোরদার হবে এবং আমাদের বিজয়ের অংশীদার হবে তারা। তাই ওদেরকে বুঝাবেন, ওদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর সাথে যুক্ত করে দিতে।
তিনি আরাে বললেন, আপনি একজন মুসলমান। এতদিন ইসলামের অগ্রযাত্রায় বাঁধা দিয়ে নিজের ওপর যে জুলুম করেছেন, এই দায়িত্ব পালন করে তার কাফফারা আদায় করুন। আপনার ওপর আমার আস্থা আছে, আপনিও নিজের ওপর আস্থা অর্জন করুন।'
ইয়াজুদ্দিন ও ফখরুদ্দিন উভয়েই নিজ নিজ মিশন নিয়ে ক্যাম্প থেকে বের হয়ে গেল।
বুজার আমীর ইয়াজুদ্দিনকে সাদরে গ্রহণ করলাে। ইয়াজুদ্দিন আদবের সাথে সুলতানের চিঠি পেশ করলাে বুজার আমীরের নিকট। বুজার আমীর চিঠি খুলে পড়তে শুরু করলেন। সুলতান আইয়ুবী লিখেছেন, 'আমার প্রিয় ভাই! আমরা এক আল্লাহ, এক রাসূল এবং একই কুরআনের অনুসারী। অথচ আমরা একে অপর থেকে এমন দূরে সরে পড়েছি, যেন আমরা বিভিন্ন দ্বীপের বাসিন্দা। এতে আমরা পরস্পর কমজোর হয়ে পড়েছি।
এ অবস্থায় থাকলে জাতি হিসাবে কখনাে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবাে না। আমাদের এ অনৈক্যের সুযােগ নিচ্ছে খৃষ্টান ক্রুসেডাররা। তারা আমাদের খণ্ড-বিখণ্ড করে শিয়াল ও শকুনের মত কুরে কুরে খাচ্ছে আমাদের। কারণ তারা আমাদের ঈমানী চেতনাকে অসাড় ও নিষ্ক্রিয় করে রেখেছে। আমরা যে একে অপরের ভাই এবং একই নবীর উম্মত, যাদের নবী শিশাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, সেই অনুভূতি আমরা হারিয়ে ফেলেছি।
এ অবস্থা যতদিন থাকবে ততদিন জিতি ও অপমান আমাদের সঙ্গ ছাড়বে না। আমাদের মুক্তির পথ একটাই, এক দেহ এক প্রাণ হয়ে সম্মিলিতভাবে আল্লাহর রজু আঁকড়ে ধরা। যেভাবে খৃষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আঘাত হানছে, তাতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে দেরী করি, তবে আমরা কেউ সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবাে না।
আমি আপনাকে এই ঐক্যের আহ্বান জানাচ্ছি। আসুন সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক পাটফর্মে দাঁড়িয়ে যাই। আমাদের ঐক্যের ভিত্তি হবে কোরআন। কোন ব্যক্তি নয়, কোরআনই হবে আমাদের পরিচালিকা শক্তি। যার যার যােগ্যতা ও ক্ষমতা অনুযায়ী আমরা ভূমিকা রাখবাে এ জেহাদে।
আমি আপনার বর্তমান অবস্থা ভালভাবেই অনুধাবন করছি। আপনি আপনার ক্ষুদ্র এলাকায় নিজের শাসন টিকিয়ে রাখার জন্য জাতীয় শক্রদের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন। আমি আপনাকে কুরআনের সেই আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে বলা হয়েছে, অমুসলমান কখনাে মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহর এ সুস্পষ্ট ঘােষণা অগ্রাহ্য করে খৃস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে তার ভয়াবহ পরিণতি গ্রাস করবে আমাদের।
তাই আপনার কাছে আমার পয়গাম হচ্ছে, প্রথমেই আপনি আপনার কেল্লাকে ইসলামী খেলাফতের অধীন করে দিন। খেলাফতের দাবী অনুযায়ী আমাদের আনুগত্য স্বীকার করে নিন। এর স্বীকৃতি স্বরূপ আপনার সামরিক শক্তি আমাদের সামরিক শক্তির সাথে একাত্ম ও মিলিত করে দিন।
আমার এ প্রস্তাবে সম্মত হলে আপনি অবশ্যই আপনার কেল্লার অধিপতি থাকবেন। কিন্তু কেল্লার ওপর উড্ডীন থাকবে খেলাফতে ইসলামিয়ার পতাকা।
প্রিয় ভাই,
যদি আমার এ শর্ত আপনার মনপুত না হয় তবে আপনার সেনাবাহিনীকে প্রস্তুত করুন আমার বাহিনীর সাথে মােকাবেলা করার জন্য। তবে এ প্রকৃতির সময় আমি আপনাকে অনুরােধ করবাে, হলব, মুশেল ও হারানের সম্মিলিত বাহিনীর শােচনীয় অবস্থা ও পলায়নের কথা স্বরণ রাখার জন্য। এতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
আমি দৃঢ় আশাবাদী, আমার পয়গাম অবশ্যই আপনার কাছে গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্কের আশা পােষণ করি। কারণ আপনার সাথে আমার কোন ব্যক্তিগত শত্রুতা নেই। আমি যা কিছু বলছি, সবই ইসলামী খেলাফতের কল্যাণের কথা চিন্তা করে অর্পিত দায়িত্বের কারণেই বলছি। আল্লাহর বিধান অনুসারে আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সততা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে যেতে পারি সে জন্য আপনার দোয়া ও সহযােগিতা কামনা করে শেষ করছি।'
বুজার আমীর সুলতান আইয়ুবীর চিঠি গভীর মনােযােগ দিয়ে পড়লেন এবং পড়া শেষ হলে ইয়াজুদ্দিনের দিকে তাকালেন। ‘জী, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর এ চিঠি আমি গভীর মনােযােগের সাথেই পড়েছি। এ সম্পর্কে আপনার আর কিছু বলার আছে।
ইয়াজুদ্দিন বললাে, আপনার এ দুর্গ তেমন মজবুত নয় আর আপনার সৈন্য সংখ্যাও অনেক কম। এই সামান্য সংখ্যক সৈন্যকে আপনি অযথা মৃত্যুর মুখে ঠেলে দেবেন না, এটুকুই আমার অনুরােধ।'
বুজার আমীর চিঠির শর্ত মেনে নিয়ে আনুগত্য স্বীকার করে নিলেন এবং সুলতান আইয়ুবীর নিকট জওয়াবী পত্র দিলেন। জওয়াবী চিঠিতে তিনি লিখলেন,
মুহতারাম মহানুভত্ব সুলতান,
এ দুর্দশাগ্রস্ত জাতিকে নিয়ে আপনি যেভাবে চিন্তা করছেন, তাতে আমি আশাবাদী, একদিন এ দুর্যোগের রাহুমুক্ত আমরা হবােই। আপনাকে আমি খােশ আমদেদ জানাচ্ছি। আপনি আসুন এবং এ কেল্লার দায়িত্ব বুঝে নিন। জাতির এ দুর্দিনে আপনার পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করবাে।'
মুমবাজের আমীরও আনুগত্য স্বীকার করে নিয়ে অনুরূপ পত্র লিখলেন। ফখরুদ্দিন সে জওয়াবী চিঠি নিয়ে ফিরে এলেন কোহে সুলতানের ক্যাম্পে।
সুলতান আইয়ুবী নিজেই কেল্লা দুটোতে গেলেন। কেল্লা দু'টোর সমস্ত সৈন্য এনে নিজের সেনাবাহিনীর সাথে যুক্ত করে দিলেন। নিজের সৈন্য বাহিনীর লােক নিয়ােগ করলেন কেল্লা দু'টোতে। তারপর এ বিশাল বাহিনীর সৈন্যদের খাবার ও রসদপত্র মজুদ করার নির্দেশ দিলেন উভয় কেল্লায়। কোহে সুলতানের সমস্ত রসদপত্র নিরাপদ স্থানে মজুদ করার পর পরবর্তী কাজে হাত দিলেন সুলতান। হলব শহরের একেবারে সন্নিকটে এজাজ দুর্গ নামে একটি মজবুত কেল্লা ছিল। সে দুর্গের প্রতিরক্ষার দায়িত্ব ছিল হলবাসীদের। হলবের
মতই এ কেয়ার নিয়ন্ত্রণভার ছিল আল মালেকুস সালেহের হাতে।
এ কেল্লা থেকে হল বেশী দূরে ছিল না বলেই এ কেল্লার রক্ষক কোন রকম ঝুঁকি না নিয়ে শুরুতেই হলবের আমীর আল মালেকুস সালেহের আনুগত্য মেনে নিয়েছিল। সুলতান আইয়ুবী হলব অবরােধ করার আগে এজাজ দুর্গটিও বিনা বাধায় দখল করে নিতে চাইলেন। এ আশায় তিনি তার এক সেনাপতি আল হেমায়েরীকে অনুরূপ চিঠি দিয়ে এজাজ দুর্গে পাঠিয়ে দিলেন।
এজাজের আমীর সুলতান আইয়ুবীর চিঠি পড়লেন। এ চিঠির ভাষাও আগের চিঠিগুলাের মতই ছিল। এজাজের আমীর চিঠিটি পড়ে আল হেমায়েরীর দিকে ছুঁড়ে মারল। ক্ষিপ্ত কণ্ঠে বললাে, ‘তােমার সুলতান আল্লাহ ও রাসূলের দোহাই দিয়ে সারা দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখছেন। তাকে বলল, আগেও আপনি একবার হলব অবরােধ করেছিলেন। তাতে কতটুকু কি লাভ হয়েছিল সে হিসাব করে তিনি যেন এজাজ দুর্গ অবরােধ করতে আসেন।'
আপনি কি মুসলমানদের হাতেই মুসলমানদের রক্ত বন্যা বইয়ে দিতে চান?’ আল হেমায়েরী বললাে, আপনি কি চান, মুসলমান নিজেরাই পরম্পর যুদ্ধ করে শেষ হয়ে যাক, আর খৃষ্টানরা আমাদের এ অবস্থা দেখে আনন্দ উৎসব করুক?
না’, আমি এটা চাইতে যাবাে কেন, এটা তাে চায় তােমার সুলতান । আমি খৃস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তিনি কি আমার আনুগত্য কবুল করে নেবেন? শোন, এটা ধর্মীয় জেহাদ নয়, এটা হচ্ছে দুই শাসকের রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তির লড়াই। ক্ষমতা ও রাজনীতির মঞ্চে ধর্মকে টেনে এনে তােমার সুলতান ধর্মকেই অপবিত্র করছে। আমরা কি মুসলমান নই? আমরা কি আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করি না? তাহলে তিনি কেন আমাদের ওপর চড়াও হতে চাচ্ছেন। এতই যদি জেহাদ করার শখ তাহলে তিনি খৃষ্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন না কেন? কারণ আমাদের মত তিনিও খৃষ্টানদের ভয় পান। তার যত বাহাদুরী সব তাে ছােট ছােট মুসলিম শাসক ও আমীরদের সামনে। এখানে যদি কোন মুসলমানের এক ফোটা রক্তও ঝরে, তার জন্য দায়ী থাকবেন তােমার সুলতান। তিনি হয়তাে শক্তি প্রদর্শন করে কিছু ছােটখাট জায়গীর ও জমিদারী দখল করতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে তার সব দম্ভ ও জুলুমের হিসাব দিতে হবে। তােমার সুলতানকে বলো, এখানকার মুসলমানদের রক্ত ঝরানাের আগে তিনি যেন আল্লাহর পাকড়াওয়ের কথা একটু স্মরণ করে নেন! এজাজের আমীর রূঢ় কণ্ঠে জবাব দিল।
এজাজের আমীরের কথা শুনে সেনাপতি আল হেমায়েরী আস্তে করে বললাে, আমাদের সুলতান আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা তিনিই ঠিক করবেন। কিন্তু আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন সেটা কি ঠিক করেছেন? কোরআন যেখানে ইহুদী ও খৃস্টানদের বন্ধু না ভাবার নির্দেশ দিয়েছে, সেখানে আপনি ওদের বন্ধু বানিয়েছেন। এর কি জবাব দেবেন আপনি?
যেখানে খৃষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে হাতে, সেখানে আপনি ওদের শত্রু না ভেবে বন্ধু ভাবেন কোন যুক্তিতে?' আল হেমায়েরী জিজ্ঞেস করলাে, তবে কি আপনি কোরআনকে অগ্রাহ্য করতে চান? আপনি কি সত্যি মনে করেন, খৃষ্টানরা মুসলমানদের শত্রু নয়, বন্ধু?
এখানে, এই সময়ে আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকেই আমাদের শত্রু হিসাবে দেখতে পাচ্ছি। খৃস্টান নয়, তিনিই আমাদের চ্যালেঞ্জ করেছেন। এজাজের আমীর বললাে, যিনি এই দুর্গ আমাদের থেকে জোর করে কেড়ে নিতে চান, তাকে শত্রু না ভেবে যারা আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের আমরা অযথা শত্রু ভাবতে যাব কোন যুক্তিতে?
আল হেমায়েরী ও এজাজের আমীরের মধ্যে এ রকম বাদানুবাদ আরাে কিছুক্ষণ চললাে। কিন্তু কিছুতেই এজাজের আমীরকে বুঝানাে গেল না, সে জাতির কত বড় সর্বনাশ করছে। বরং সে দূতকে অপমান করে তাড়িয়ে দিল দরবার থেকে।
আছিয়াত দুর্গ। খৃষ্টান অফিসার দেখা করলাে গুমাস্তগীনের সাথে। কারিশমা এবং লিজাও তার সঙ্গে। গুমাস্তগীনের সাথে এ অফিসারের আগে থেকেই ভাল মতাে পরিচয় ছিল। অফিসার গুমাস্তগীনকে বললাে, শুনতে পেলাম আপনি সুলতান আইয়ুবীকে খুন করার পরিবর্তে সাইফুদ্দিনের পিছনে লেগেছেন?'
আপনি কি শােনেননি, সাইফুদ্দিন কেমন কাপুরুষের মত যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়েছে! এমন আনাড়ি যােদ্ধার মত খেলে সে আমাদের সবার মুখেই চুনকালি মেখে দিয়েছে। গুমাস্তগীন বললাে, তার কৃতিত্বের বর্ণনা এই মেয়ে দুটির কাছ থেকে শুনে নিন। সে আমাদের সম্মিলিত বাহিনীকে ময়দানে অসহায় ফেলে রেখে নিজে পালিয়ে গেছে। তার অপরাধ শুধু এটুকুই নয়, সে এমন অবস্থার সৃষ্টি করেছে যে, আমাদের বাহিনী দীর্ঘকাল আর যুদ্ধ করার মনােবলও জোগাড় করতে পারবে না। আমি বিচ্ছিন্ন সেনাদলকে একত্রিত করে সুলতান আইয়ুবীকে হলব থেকে দূরে রাখার চেষ্টা করবাে। সাইফুদ্দিন বেঁচে থাকলে সে চাইবে না, তার পরিবর্তে আমি এ কৃতিত্ব অর্জন করি। সে তার কাপুরুষতা ঢাকার জন্য তলে তলে আমাকে পরাজিত করার চেষ্টা করবে। আর তা না হলে মনের আক্রোশ মিটানাের কথা বলে আরও একবার কমাণ্ডের জন্য জিদ ধরবে। আর এমনটি হলে আবারাে আমাদের পরাজয়ের দুর্ভাগ্য বহন করতে হবে। তার চেয়ে বরং
তাকে সরিয়ে দেয়াই ভালাে।'
সাইফুদিন এত প্রয়ােজনীয় ব্যক্তি নয়, যেমন আপনি চিন্তা করছেন। খৃস্টান অফিসার বললাে, তার সম্পর্কে আমি যা জানি তা আপনি জানেন না। আমি আপনার প্রত্যেক বন্ধু ও প্রত্যেক শত্রু সম্পর্কে আপনার চেয়ে বেশী জানি। এ কাজের জন্যই আপনাদের কাছে আমাদের উপদেষ্টা ও গােয়েন্দারা সারাক্ষণ মজুদ থাকে।
আমার কথাই ধরুন, আমি সুলতান আইয়ুবীর এলাকায় বহুরূপী সেজে জীবনের ঝুঁকি নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কেন? শুধু আপনাদের টিকে থাকা ও রাজ্য বিস্তারে সহায়তার জন্য । ময়দানের যে অবস্থা আমার জানা আছে, তাতে আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আপনি বা আপনার কোন বন্ধু আইয়ুবীকে হারাতে পারবেন না। তার হাত থেকে নিষ্কৃতি পেতে হলে একমাত্র তাকে হত্যা করা ছাড়া আর কোন গত্যন্তর নেই।
নুরুদ্দিন জঙ্গী মারা গেছে, তাতে আপনারা এক আপদ থেকে মুক্ত হয়েছেন। নূরুদ্দিন জঙ্গী গেছে বলেই আজ আপনারা সাধারণ কেল্লাধিপতি থেকে এলাকার শাসক হয়ে বসতে পেরেছেন। আইয়ুবী যদি মারা যায়, তাহলে আপনারা রাজ্যকে বর্ধিত করার সুযােগ পাবেন। ছোট ছোট পরগণার শাসক থেকে হয়ে যাবেন দেশের বাদশাহ। এসব কি ভেবে দেখেছেন?
এ সময় কথা বলে উঠলাে কারিশমা, আর আইয়ুবীর মৃত্যুর মধ্য দিয়েই আপনারা চিরদিনের জন্য যুদ্ধের ঝুঁকি থেকে বাঁচতে পারেন। আইয়ুবী বেঁচে থাকলে আপনাদের প্রতিটি মুহূর্ত কাটাতে হবে ভয় ও শংকার মধ্যে। একদিনের জন্যও সে আপনাদের শান্তি ও স্বস্তিতে ঘুমােতে দেবে না।
গুমাস্তগীন শুনছিল ওদের কথা। খৃষ্টান অফিসারটিই আবার কথা বলে উঠলাে, “আমি ত্রিপলী যাচ্ছি। আপনারা যে উট, ঘােড়া ও অস্ত্রশস্ত্র হারিয়েছেন সে ক্ষতি জলদি পূরণ করার জন্য আমি, আমাদের নেতৃবৃন্দকে বলবাে। আশা করি যুদ্ধের অস্ত্রপাতি ও ঘোড়া আমরা শীঘ্রই পাঠিয়ে দিতে পারবাে। আমি আপনাকে বলতে চাই, আপনি কিছুতেই সাহস হারাবেন না। আপনার ওপর আমাদের নেতৃবৃন্দের যথেষ্ট সু-ধারনা ও আস্থা রয়েছে। তারা এখন মনে করছেন, সুলতান আইয়ুবীকে একমাত্র আপনিই দুনিয়া থেকে সরাতে পারবেন। আর আপনি যদি সত্যি তা পারেন, তবে আপনাকে এত বেশী সাহায্য দেয়া হবে যে, আপনার শাসন ক্ষমতা সাইফুদ্দিন এবং আল মালেকুস সালেহের চাইতেও শক্তিশালী ও ব্যাপক হবে। চাই কি, মুসলমানদের কাছে সুলতান আইয়ুবী যে মর্যাদা ও সম্মান পাচ্ছে, সেই সম্মান ও মর্যাদার অধিকারী হবেন আপনি।
গুমাস্তগীন ছিল যেমন বিলাসপ্রিয় ও ক্ষমতালােভী, তেমনি সুযােগ সন্ধানী। ক্ষমতার লােভ গুমাস্তগীনের ওপর এমনভাবে চেপে বসেছিল যে, তার স্বাভাবিক জ্ঞান-বুদ্ধিও গ্রাস করে নিয়েছিল। খৃস্টান অফিসারের কথা শুনে তার মগজে একবারও এ চিন্তা জাগেনি যে, এই খৃষ্টান অফিসার যা বলছে, তা গুমাস্তগীনের কল্যাণের জন্য নয়, বরং খৃষ্টানদের জাতীয় স্বার্থ রক্ষার জন্যই বলছে। সে সেই সমাজেরই প্রতিনিধিত্ব করছে, যারা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানের নাম নিশানা মুছে দিতে চায়। সে যা কিছু বলছে ও করছে, সবই তার আপন জাতীয় স্বার্থ রক্ষার জন্যই। এ খৃষ্টান অফিসারটি ছিল ভয়ংকর দুষ্কৃতকারী এবং অতিশয় দক্ষ ও চালাক ক্রুসেডার। কেমন করে সুলতান আইয়ুবীর ঝড়ের গতি থামাবে, এ নিয়ে সে ছিল খুব পেরেশান ও বিচলিত ।
প্রত্যেক রণক্ষেত্রে পরাজিত হয়ে খৃষ্টান ক্রুসেডাররা এখন একটা কথাই শুধু ভাবছিল, সুলতান আইয়ুবীর হাত থেকে, নিষ্কৃতি পেতে হলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া ছাড়া আর কোন বিকল্প নেই। আর এ কাজটি সারতে হবে কোন মুসলমানকে দিয়েই।
তারা ভাল করেই জানতাে, মুসলমান শাসকদের পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব ও বিচ্ছেদ, তাতে সুলতান আইয়ুবীর পর এমন আর কেউ নেই যে জাতীয় ঐক্যের ডাক দিতে পারে। বরং আইয়ুবীর সাথে যুদ্ধ শেষ হলে শুরু হবে যুদ্ধের নতুন পর্যায়। এক মুসলিম শাসক নিজের আধিপত্য বিস্তারের লােভে ঝাঁপিয়ে পড়বে অন্য শাসকের ওপর। তখন খৃষ্টানদের কাজ হবে সংঘাতরত উভয় শক্তিকে অস্ত্র ও রসদ সম্ভার দিয়ে সহায়তা করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সাহস ও উৎসাহ যুগিয়ে যাওয়া। এতে করে তারা পরস্পর যুদ্ধ করে নিঃশেষ হয়ে যাবে। মুসলিম নিধনের যে স্বপ্ন তাদের অন্তরে অনুক্ষণ জ্বলছে, সে স্বপ্ন সফল করে দেবে মুসলমানরাই।
আর সফলভাবে যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তাহলে এরপর ক্রুসেডারদের সামনে আর বড় রকমের কোন বাঁধাই থাকবে না। তখন তারা ধীরে ধীরে সমস্ত আরব দেশগুলাের ওপর স্বচ্ছন্দে নিজেদের শাসন ক্ষমতা জারী করতে পারবে। এই উদ্দেশ্য সাধনের জন্যই তাে তারা এতদিন ধরে মুসলিম আমীর ও শাসকদের মস্তিস্ক ধােলাই করে আসছে। তাদের মগজে জাগিয়েছে ধন-সম্পদের লােভ এবং বাদশাহী বা গদির মােহ। এ এমন এক নেশা যার কবল থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই তাদের।
গুমাস্তগীনের সাথে কথা বলছিল, আর এ পরিকল্পনার কথা স্মরণ করছিল খৃষ্টান অফিসার ও গােয়েন্দারা।
গুমাস্তগীন বললাে, সালাহউদ্দিন আইয়ুবীকে হত্যা করতে ব্যর্থ হয়ে শেখ মান্নান তাে নিরাশ হয়ে গেছে। সে আরও চারজন ফেদাইন খুনী পাঠিয়েছে কিন্তু তারা যে সফল হবে এমন কোন আশা নেই তার।'
‘এতগুলাে হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর শেখ মান্নানের নিরাশ হওয়া ছাড়া আর কি করার আছে!' খৃস্টান অফিসারটি বললাে, কিন্তু কেন তারা ব্যর্থ হয়েছে শেখ মান্নান না জানলেও আমি জানি। তার এতগুলাে আক্রমণ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে, ফেদাইন গুপ্তঘাতকরা তাকে খুন করতে যেত গাজায় দম দিয়ে। নেশার ঘােরে ওরা বুদ্ধি গুলিয়ে ফেলতাে। এসব নেশাখােররা কোনদিন তাকে হত্যা করতে পারবে না। তাকে হত্যা করতে পারবে সেই লােক, যে সুস্থ মস্তিকে চিন্তা করতে পারবে।
কারিশমা আরেকটু আগ বাড়িয়ে বললাে, “কেবল সুস্থ মস্তিস্ক হলেই চলবে না, আইয়ুবীকে হত্যার কঠিন সংকল্প থাকতে হবে তার। তাকে মনে রাখতে হবে, আইয়ুবী কেবল তার ব্যক্তিগত শত্রু নয়, জাতিরও শত্রু! সে এক জঘন্য খুনী তার খায়েশ মিটাতে গিয়ে অসংখ্য মুসলমান আত্মাহুতি দিয়েছে। এই আবেগ থাকলেই কেবল তাকে হত্যা করা সম্ভব।
আপনি হয়ত মানুষের প্রকৃতি সম্পর্কে ততটা জ্ঞাত নন। বললাে খৃস্টান অফিসার, সুলতান আইয়ুবীকে যারাই খুনের পরিকল্পনা নিয়ে যায়, তাদের উপর নেশার ঘাের চেপে থাকে। যখন তাদের সামনে কোন বাঁধা আসে তখনই তাদের নেশার ঘাের কেটে যায়। তখন আক্রমণকারী তার জান বাঁচানাের জন্য চেষ্টা করে। এদের পরিবর্তে যদি আপনি হিংসার আবেগে ক্ষিপ্ত করে তাদের মনে ঘৃণার আগুন জ্বালিয়ে হত্যার জন্য পাঠান, তবে সে অবশ্যই হত্যা করতে সক্ষম হবে।
শেখ মান্নান সালাহউদ্দিন আইয়ুবীকে হত্যার জন্য চারজন কমান্ডো পাঠিয়ে দিয়েছে। গুমাস্তগীন বললাে, তারা কতদূর কি করতে পারে আগে দেখি। যদি তারা ব্যর্থ হয় তবে আমি নিজেই তাকে খুন করার জন্য যাবো। শেষ মান্নান আমাকেও চার কমাণ্ডো দিয়েছে। তবে তারা ফেদাইন দলের কেউ নয়, আইয়ুবীই চার জানবাজ কমান্ডো। এদেরকে আমার কাছে দিয়ে বলেছে, এদের তৈরী করে সাইফুদ্দিনকে আগে হত্যা করাে। কারণ এই কমাণ্ডো চারজন সাইফুদ্দিনকে শত্রু জানে। ফলে তারা তাকে হত্যা করে আনন্দ বােধ করবে। আমি তাদেরকে এ সুযােগ করে দেবাে। সাইফুদ্দিনকে মৃত্যুর জালে ফেলানাে আমার দায়িত্ব। তার অযােগ্যতা এবং আমাদের অপদস্ত করার শাস্তি হিসাবে এটাই তার পাওনা।
তার চেয়ে এদেরকে সুলতান আইয়ুবীর নিধনে প্রস্তুত করা হােক না কেন?' খৃষ্টান অফিসারটি বললাে, এদেরকে নেশায় আচ্ছন্ন না করে এদের মনে ঘৃণার আক্রোশ জাগিয়ে তুলতে পারলে এরা সহজেই আইয়ুবীকে হত্যা করতে পারবে।'
‘কিন্তু কিভাবে তাদের মনে আইয়ুবীর বিরুদ্ধে ঘৃণা জন্মানো সম্ভব? এরা তাে আইয়ুবীরই লােক! শুনেছি, তার কমাণ্ডোরা তাকে অসম্ভব ভক্তি শ্রদ্ধা করে!’ বললাে ওমাস্তগীন।
এতক্ষণ পর এই প্রথম মুখ খুললাে লিজা। বললাে, দুনিয়াতে কোন কিছুই অসম্ভব নয়। যদি আপনারা চান এ দায়িত্ব আমরা নিতে পারি। ওদের কমাণ্ডারের নাম আন নাসের। আমি ওদের এই কমাণ্ডারকে তৈরী করার দায়িত্ব নেবাে। বাকী তিনজনকে সামলাবে কারিশমা।
গুমাস্তগীনের দিকে তাকিয়ে খৃস্টান অফিসার সামান্য হাসলাে। এরপর কারিশমা ও লিজার দিকে ইঙ্গিত করে বললাে, এদের আপনি চেনেন না, এরা লােক তৈরীর ক্ষেত্রে ওস্তাদ কারিগর। খৃষ্টান অফিসার লিজার দিকে তাকিয়ে বললাে, “বেশ, তুমি আন নাসেরকে তৈরী করাে। আর অন্যান্যদের দায়িত্ব কারিশমার ওপরই ছেড়ে দাও। মানুষকে বশ করার যাদু সে ভালই জানে। তার সাথীদেরকে সে একাই সামলাতে পারবে।'
কারিশমা মুচকি হাসলাে শুধু, মুখে কিছু বললাে না।
গুমাস্তগীন বললাে, কিন্তু কিভাবে তােমরা এটা করবে?
‘সে ব্যবস্থা আমি করছি।' বললো খৃষ্টান অফিসার। সে কারিশমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাে, ‘আন নাসের এখন কোথায়?'
‘ওরা ফেদাইন প্রহরীদের হেফাজতে আছে।
‘তাকে এখানে নিয়ে এসাে।' অফিসার বললাে, “আন নাসেরকে এখন থেকে পৃথক কামরায় রাখবে, আর তার সাথীদের রাখবে অন্য কামরায়। তারপর লিজাকে উদ্দেশ্য করে বললো, আর তুমি খুব সাবধানে থাকবে। শেখ মান্নানের লালসার চোখ পড়েছে তােমার ওপর। সে সহজে তােমাকে ছাড়বে না। সে তােমার জন্য এতটা উতলা হয়ে পড়েছে যে, তােমার জন্য আমাকে পর্যন্ত চোখ রাঙানাের দুঃসাহস দেখিয়েছে।
গুমাস্তগীন অবাক হয়ে বললাে, কি বললে! একটা মেয়ের জন্য সে তােমার সাথে খারাপ ব্যবহার করেছে? অফিসার বললাে, তার কথা আর বলবেন না। আমাকে ধমক দিতেও বাঁধেনি তার। সে আমাকে এই বলে শাসিয়েছে, মেয়েটাকে আমার কাছে সঁপে দাও নইলে তুমি মেহমান থেকে কয়েদীতে পরিণত হবে। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছিল। আমি ধৈর্য না ধরলে এতক্ষণে খুনাখুনি কাণ্ড ঘটে যেতাে। আমি চিন্তা করে দেখবাে’ বলে ওদের নিয়ে এসেছি।'
‘তাহলে এখন আর ওদের এখানে আনার দরকার নেই।' গুমাস্তগীন বললাে, আমি চার কমান্ডোকে আমার সঙ্গে নিয়ে যাই। আপনিও এই দুই মেয়েকে নিয়ে একসাথে চলুন এখান থেকে বের হই। আমি এবং আপনি দু’জন এক সাথে থাকলে সে হয়তাে বেশী বাড়াবাড়ি করার সাহস পাবে না।
গুমাস্তগীনের কামরা থেকে বেরিয়ে এলাে ওরা। আন নাসের ও তার তিন সঙ্গীকে ডেকে আনা হলাে খৃষ্টানদের জন্য নির্ধারিত কেল্লার বিশেষ এলাকায়। এখানে ক্রুসেডারদের মেহমান রাখার জন্য বিশেষ কামরার ব্যবস্থা আছে।
আন নাসেরকে পৃথক কামরা দেয়া হলাে। কিন্তু বেঁকে বসলাে আন নাসের। সে বললাে, আমি আমার সাথীদের সাথে একত্রে থাকতে চাই। যদি আমরা বন্দী হয়ে থাকি তবে আমাদের কয়েদখানায় পাঠিয়ে দাও। আর যদি বন্দী না হই তাহলে আমাদের একত্রে থাকতে দাও।'
এ কথা শুনে খৃষ্টান অফিসার একটু অবাক হলাে। সে চাছিল, কারিশমা ও লিজা আজ থেকেই তাদের মিশন শুরু করে দিক। কিন্তু এদের আলাদা করা না গেলে তাে মিশন শুরু করা সব নয়! সে আন নাসেরকে বললাে, একি বলছাে তুমি! তুমি এদের কমাণ্ডার! আমি তােমাদের পৃথক হওয়ার কথা বলছি না, যখন ইচ্ছা তুমি ওদের কাছে যেতে পারবে, ওরা তােমার কাছে আসতে পারবে। আমি তাে শুধু তােমাকে তােমার মর্যাদা অনুযায়ী থাকতে বলছি। কমাণ্ডার ও সৈনিকদের মর্যাদা তাে আর এক নয়, তাহলে তুমি আপত্তি করছাে কেন?'
‘আমাদের কাছে কোন উঁচু-নিচু ভেদাভেদ নেই।' আন নাসের বললাে, আমাদের সুলতানও তার সৈন্যদের সাথে থাকেন। আমি তাঁর তুলনায় কিছুই না, সামান্য এক কমাণ্ডার মাত্র। আমি তাদের থেকে আলাদা হলেই বরং অস্বস্তি বােধ করবাে। নিজের মধ্যে কখন গর্ব ও অহংকার এসে যায় এই ভয়ে আমার ঘুম হবে না। এক অন্যায় ও পাপ বােধে জর্জরিত হবে শুধু। ‘আমরা তােমাকে সম্মান করতে চাই, তােমার উপযুক্ত মূল্য দিতে চাই। এটাই আমাদের রীতি। খৃষ্টান অফিসার বললাে, ‘তােমাদের ওখানে গিয়ে তুমি যা ইচ্ছা করাে, তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু যতক্ষণ আমাদের এখানে আছাে ততক্ষণ তােমার প্রতি আমাদের যে শ্রদ্ধাবােধ আছে তা বজায় রাখার জন্য আমাদের সহায়তা করবে, আমাদের নীতিকে শ্রদ্ধা করবে, এটুকু সৌজন্যও কি আমি তােমাদের কাছে আশা করতে পারি না।'
এ কথার কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না আন নাসের। ওরা তাে ওদের রীতি অনুযায়ী তাকে সম্মান দেখাতে চাইতেই পারে! এ ব্যাপারে তাদের আহত করা কি তার উচিত হবে। আবার ভাবছিল, এটা তাে কোন ষড়যন্ত্রের অংশ নয়? দ্বিধা কম্পিত কণ্ঠে আন নাসের বললাে, আমাদের কমান্ডো বাহিনীর কমাণ্ডার তার সৈন্যদের সাথে একত্রে থেকেই জীবন কাটায়। এক সাথেই তারা জীবিত থাকে আর মরতে হলেও একত্রেই তারা মৃত্যু বরণ করে। যেদিন আমরা কমাণ্ডো বাহিনীতে নাম লিখিয়েছি, সেদিন থেকেই মৃত্যু পরােয়ানায় সই করেছি আমরা। আমরা বেঁচে আছি সেই আকাঙ্খিত মৃত্যুর প্রত্যাশায়।' আন নাসের বললাে, “মৃত্যু পথের যাত্রী হিসাবে আমরা কখনও একে অপর থেকে দূরে থাকতে চাই না।
তা ছাড়া, আমরা যদি আপনার এখানে মেহমান হিসাবে আসতাম, তবু না হয় একটা কথা ছিল। কিন্তু আমরা তাে এখানে এসেছি কয়েদী হিসাবে। আপনি ভাল করেই জানেন, আমরা আপনাদের দুশমন। আর দুশমনকে কেউ কখনাে মেহমানের মত আদর আপ্যায়ন করে না।
আন্ নাসের ওদের আরাে বললাে, আমরা জানি, আমরা আপনাদের বন্দী! আর বন্দীদের ভাগ্য তাে শুধু একটাই হতে পারে, ক্রমাগত শাস্তি ভােগ করা এবং একের পর এক বিপদ মুসীবত ও কষ্ট সহ্য করে যাওয়া। আমরা এসব কষ্ট ও যন্ত্রণা মিলিতভাবেই বরণ করে নিতে চাই। আমরা একই মঞ্জিলের মুসাফির। বাঁচলে আমরা এক সাথেই বাঁচতে চাই, মরলেও একই সাথে জীবন কুরবানী করতে চাই।' আন নাসেরের এ বক্তব্যের পর আর কথা চলে না। খৃষ্টান অফিসার হাল ছেড়ে দিল। গুমাস্তগীনকে জানানাে হলাে আন নাসেরের বক্তব্য। শুনে গুমাস্তগীন বললাে, 'চলাে তাে, ওদের দেখে আসি!’
সে রাতেই গুমাস্তগীন খৃস্টান অফিসারের সাথে ওদের কাছে এলো। আন নাসেরের বক্তব্যের জবাবে বললাে, তবে কি তােমরা আমার কাছ থেকে পালানাের চেষ্টা করবে? আন নাসের হেসে বললাে, আমরা মুক্ত হতে তাে অবশ্যই চেষ্টা করবাে। এটাই তাে
আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব। আমরা যােদ্ধা! বীরের মত মরতে পারলেও আমরা খুশী। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে না দিলে বীরের মত মরতে দাও, আর যদি তা না করে বন্দী করে রাখতে চাও, তবে শিকল দিয়ে বেঁধে রাখাে। আমাদের সঙ্গে কোন প্রতারণা করবে না।
প্রতারণা আমরা একদম পছন্দ করি না। আমি আবারও বলছি, আমরা রণাঙ্গণের সৈনিক। আমরা সাইফুদ্দিন ও গুমাস্তগীনের মত গাজার ও ঈমান বিক্রেতা নই।'
খামোশ! রাগে গর্জন করে উঠল গুমাস্তগীন, আমি হারানের স্বাধীন শাসক আমীর গুমাস্তগীন! তুমি আমাকে গাদ্দার ও ঈমান বিক্রেতা বললে!
‘আমি আপনাকে আরও একবার গাদ্দার এবং ঈমান বিক্রেতা বলছি। আন নাসের বললাে, আপনি অবশ্যই বিশ্বাসঘাতক, মুসলিম জাতির কলঙ্ক এবং ইসলামের দুশমন।' চতুর গুমাস্তগীন এরই মধ্যে সামলে নিয়েছে নিজেকে। রাগ সামলে সে বলে উঠল, কিন্তু এখন আমি বেঈমানও নই, বিশ্বাসঘাতকও নই।' গুমাস্তগীন আন নাসেরকে নরম সুরে বললাে, “দেখাে না, তুর্কমানে যুদ্ধ চলছে, আর আমি এখানে। বসে আছি। যদি আমি তােমাদের শত্রুই হতাম তবে আমি অবশ্যই এখন ময়দানে থাকতাম। যদি তােমাদের দুশমন ভাবতাম, তবে তােমাদেরকে এমনভাবে মুক্ত রাখতাম না। আমি সাইফুদ্দিন ও আল মালেকুস সালেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। ওদের সাথে এখন আমার কোন সম্পর্ক নেই। তুমি ঠিকই বলেছে, একদিন গুমাস্তগীন বিশ্বাসঘাতকই ছিল, কিন্তু সে গুমাস্তগীন মরে গেছে। এখন যে তােমাদের সাথে কথা বলছে, সে এক আলাদা গুমাস্তগীন। ভুল তাে মানুষই করে! ভুলের কি কোন প্রায়শ্চিত্য নেই। আমি আমার ভুলের কাফফারা দিতে চাই। এ জন্যই তােমাদেরকে সম্মান ও শান্তিতে এই দুর্গ থেকে বের করে নিয়ে যেতে চাই। আল্লাহ বান্দার জন্য তওবার দুয়ার খুলে রেখেছেন। তােমরা কি বলতে চাও আমার জন্য সে দুয়ার বন্ধ হয়ে গেছে। আমি তা বিশ্বাস করি না। আল্লাহ যে দুয়ার খুলে রেখেছেন, তা তােমরা বন্ধ করতে পারাে না। আমার সাথে চলাে। ফেদাইনদের খপ্পর থেকে আগে তােমাদের বের করে নেই, তারপর তােমাদের সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করবাে । তুমি সালাহউদ্দিন আইয়ুবীর এক কমাণ্ডার! সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বুকে যে মহানুভবতা, দেশপ্রেম ও জাতীয় চেতনা আছে, ততটুকু না হােক, সেই চেতনা ও আবেগেই তাে তােমাদের হৃদয়ও পূর্ণ থাকার কথা!
গুমাস্তগীন তার দীর্ঘ ও আবেগপূর্ণ বক্তব্য শেষ করলাে । আন নাসের বললাে, কিন্তু কিছুতেই আমি আমার সঙ্গীদের থেকে পৃথক থাকবে না। আপনি যা বললেন, এই যদি হয় আপনার হৃদয়ের প্রতিধ্বনি; তবে আমাদের একত্রে থাকার এ সামান্য আবেদনটুকু আর অগ্রাহ্য করবেন না।'
না, তা করবাে কেন? গুমাস্তগীন বললাে, যেভাবে থাকতে তুমি পছন্দ করবে, সেভাবেই থাকবে তুমি। তােমাকে আলাদা কামরায় থাকতে হবে না, তুমি তােমার সঙ্গীদের সাথেই থাকো। তার সাথীরা একটি আরামদায়ক খােলামেলা কামরায় তার জন্য অপেক্ষা করছিল। কামরাটি ছিল সুন্দর ও সুসজ্জিত। সেখানে নরম খাটের ওপর নরম ও মােটা বিছানা পাতা ছিল। তাদের সেবায় নিয়ােজিত ছিল একাধিক খাদেম। তারা চাকরকে জিজ্ঞেস করলাে, এই কামরা এত সুসজ্জিত কেন? এখানে কারা থাকে।
চাকর বললাে, “এটা কেল্লার খৃস্টানদের জন্য নির্ধারিত অংশ। সাধারণত এখানে খৃষ্টান ও তাদের মেহমানরা থাকে। কামরাটি সুসজ্জিত এ জন্য যে, এখানে শুধু সেইসব মেহমানরাই থাকে, যারা উচ্চ মর্যাদার ও সম্মানিত লােক।
তিন কমাণ্ডো লক্ষ্য করে দেখলাে, তাদের ব্যবহার কয়েদীদের সাথে ব্যবহারের মত নয়।
কমান্ডোরা খুবই ক্লান্ত ছিল। খাওয়ার পর এমন আরামপ্রিয় বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে জড়িয়ে ধরলাে তাদের। শুয়ে শুয়ে তারা ভাবছিল আন নাসেরের কথা। কিন্তু কখন যে ঘুম এসে ওদের কাবু করলাে, টের পেলাে না কেউ। গভীর নিদ্রায় নিমগ্ন হয়ে পড়লাে তিন কমাণ্ডে।
এখন গভীর রাত। চারদিকে রাতের আঁধার ও নিস্তব্ধতা। কেল্লার কয়েকটি নির্দিষ্ট জায়গায় বাতি জ্বলছে। তার আলােয় আশপাশের সামান্য অংশই আলােকিত। ঘন এবং চাপ চাপ অন্ধকার কেল্লার সবখানে। আকাশে চাঁদ নেই। তারার আলোও নিষ্প্রভ। সম্ভবত হালকা মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে তারকারাজি।
আন নাসের খৃষ্টান অফিসারের কামরা থেকে বেরিয়ে এলাে।
খৃস্টান অফিসার এবং গুমাস্তগীন অনেক তর্ক-বিতর্কের পর শেষ পর্যন্ত তার দাবী মেনে নিয়েছে, এ জন্য খুশী আন নাসের। বন্ধুদের কামরার দিকে হাঁটা দিল সে।
বারান্দা ধরে হাঁটছে আন নাসের, মেয়েলি কণ্ঠের একটি ভূতুড়ে ডাকে থমকে দাঁড়ালাে সে। এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলাে, কে ডাকে। কিন্তু কাউকে দেখতে পেলাে না।
খৃষ্টান অফিসার এবং গুমাস্তগীনের আচরণ তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। এরা যদি তার সাথে শত্রুর মত নির্দয় আচরণ করতে তবে তা সে সহজভাবেই মেনে নিতে পারতাে। কিন্তু বন্দীর সাথে এটা কোন ধরনের ব্যবহার! গুমাস্তগীনের মত দাম্ভিক ব্যক্তিটি কি আসলেই ভাল হয়ে গেছে! সে যে যুদ্ধে যায়নি এটা তাে পরিষ্কার। তার সাথে তারা এমন সম্মানজনক আচরণ করলাে ও এমনভাবে কথা বললাে, যার কোন ব্যাখ্যা খুঁজে পেল না আন নাসের। আন নাসের কামরা থেকে বেরােনাের আগেই লিজা ও কারিশমা বেরিয়ে গিয়েছিল কামরা থেকে।
আন নাসের যখন কামরা থেকে বেরিয়ে বারান্দা ধরে ধীর পদে হেঁটে যাচ্ছিল, মেয়েলি কণ্ঠের ছােট্ট একটি ডাক আবার তাকে থামিয়ে দিল । বারান্দার এ অংশটা ডুবে ছিল অন্ধকারে, আন নাসের থামতেই একটি কালাে ছায়া তার সামনে এগিয়ে এলাে। ছায়াটি লিজার। সে এসে আন নাসেরের বাহু চেপে ধরে বললাে, এখন তাে তােমার বিশ্বাস হয়েছে, আমি পরী নই, নির্ভেজাল এক মানব কন্যা'?
‘আমি তাে কিছুই বুঝতে পারছি না, আমাদের নিয়ে এসব কি হচ্ছে’ আন নাসের রুষ্ঠ কণ্ঠে বললাে, আমি একজন কয়েদী, অথচ আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, যেন আমি কোন রাজপুত্র!
‘এতে তােমার অবাক হওয়ার কিছু নেই।' লিজা বললাে, ‘একটু বুঝার চেষ্টা করাে, মাথা খাটাও, সব তােমার কাছে পরিষ্কার হয়ে যাবে। গুমাস্তগীন তাে তােমাকে বলেই দিয়েছে, তিনি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সাথে শত্রুতা বাদ দিয়েছেন। এখন তিনি আইয়ুবীর কোন সৈন্যকে আর যুদ্ধবন্দী মনে করেন না। তুমি এবং তােমার সঙ্গীদের বড় সৌভাগ্য যে, তােমরা এখানে এসে আশ্রয় নিয়েছিলে, আর একই সাথে গুমাস্তগীনও এখানে এসে পড়েছিলেন।
দ্বিতীয় কারণটি আমার একান্ত নিজস্ব, বলতে পারাে ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার মর্যাদা ও পরিচয় কিছুই জানাে না। আমি তােমার দৃষ্টিতে একজন নষ্টা মেয়ে বৈ কিছু নই। ধনী আমীর ও সামরিক অফিসারদের বিলাসিতার উপকরণ মাত্র। যদি তুমি এটাই ভেবে থাকে, তাহলে বলবাে, তুমি মিথ্যা ধারণা ও সন্দেহের রাজ্যে বসবাস করছে!
লিজা তার বাহু টেনে ধরে বললাে, এসাে, এটা কথা বলার মত উপযুক্ত জায়গা নয়। সব কিছু জানতে হলে চলাে কোন গােপন জায়গায় নিরিবিলিতে গিয়ে বসি।
লিজা তাকে টানতে টানতে বারান্দা থেকে নামিয়ে বাগানে নিয়ে গেল। বাগানের এক কোণে বসতে বসতে বললাে, এখানে মাথা ঠাণ্ডা করে বসাে। দেখি তােমার সন্দেহ দূর করা যায় কিনা।'
মাথা তাে আমার কখনােই গরম ছিল না।' বসতে বসতে বললাে আন নাসের, কিন্তু এখন মনে হচ্ছে, সবকিছু কেমন তালগােল পাকিয়ে যাচ্ছে।'
‘তুমি যে এখন মুক্ত স্বাধীন, এটা তাে বুঝতে পেরেছে! নইলে এই গভীর রাতে কারাগারের পরিবর্তে এক যুবতীকে নিয়ে বাগানের অন্ধকারে বসে থাকতে পারতে না, এটা বোঝ?
হ্যাঁ, এটুকু বুঝতে পারছি।
‘তাহলে এবার বলাে, আমার সম্পর্কে তােমার ধারণা কি? আমি কি জ্বীন না মানুষ? আমার সম্পর্কে তােমার মন্তব্য আগে শুনে নেই, তারপর সবই তােমাকে খুলে বলবাে।
দুর্গের এ অংশটি ছিল একটি বাগান। চারপাশে ফুলের গাছ, মাঝখানে খােলা মাঠ। মাঠের মাঝে ফাঁকা জায়গায় বড় বড় পাথর দিয়ে বসার আসন তৈরী করা হয়েছে। তারই একটিতে বসলাে ওরা। বিকেলে এখানে বেড়াতে আসে কেল্লায় আগত মেহমান ও অফিসাররা। সন্ধ্যার পরও হয়তাে কিছুক্ষণ থাকে, কিন্তু এখন এই গভীর রাতে বাগানে ওরা দু’জন ছাড়া আর কেউ ছিল না।
আন নাসের আশপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিল বাগানটি কেমন পরিপাটি। বিচিত্র ফুলের সৌরভ ভেসে আসছিল তার নাকে, কিন্তু অন্ধকারের জন্য কোথায় কি গাছ আছে বুঝা যাচ্ছিল না।
(চলবে)
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন